মিরপুরে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ, পুড়েছে শরীরের ২০ শতাংশ


রাজধানীর মিরপুর-১১ এলাকায় ককটেল বিস্ফোরণে পাপন (২০) নামে এক কুরিয়ার সার্ভিস কর্মী গুরুতর দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পল্লবীর ‘এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস’ অফিসের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুরিয়ার সার্ভিসের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সাথে সাথে সেখানে কর্মরত পাপন দগ্ধ হন এবং তার শরীরে আগুন ধরে যায়।
পরে তাকে তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পাপনের শরীরের ২০ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে একজন কর্মচারী আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।




