বিটিভির পর এবার বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের পর এবার বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আগারগাঁওস্থ বাংলাদেশ বেতারের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ বেতারের সামনের সড়কের ইউটার্নে দুর্বৃত্তরা ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এর আগে একই দিন বিকেলে রামপুরায় বিটিভি ভবনের সামনেও একইভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও কেউ হতাহত হয়নি।

তবে একই দিন রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে পাপন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পর তার শরীরে আগুন ধরে গেলে তিনি দগ্ধ হন। বর্তমানে তার শরীরের ২০ শতাংশ পোড়া নিয়ে তিনি জাতীয় দগ্ধ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (বার্ন ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Back to top button