তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের রিমান্ড শুনানিতে সাংবাদিকদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। একপর্যায়ে এজলাস থেকে সাংবাদিকদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারক।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে শুনানি শুরুর আগমুহূর্তে এ ঘটনা ঘটে।

শুনানির শুরুতেই এজলাসে সাংবাদিকদের দেখে ক্ষুব্ধ হয়ে বিচারক মো. হাসান শাহাদাত বলেন, “আদালতের মধ্যে সাংবাদিকরা কেন? আপনারা কি ভেতরে ঢুকতে পারেন? শুনানির পর পিপি-এপিপিরা আপনাদের বিস্তারিত জানাবে। আপনারা বেরিয়ে যান, থাকতে পারবেন না।” পরবর্তীতে তিনি পুলিশকে নির্দেশ দিয়ে পুরো এজলাস ফাঁকা করার কথা বলেন।

খোলা আদালতে সাংবাদিকদের বের করে দেওয়ার বিষয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও সাবেক জেলা জজ শাহজাহান সাজু প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এটি যেহেতু ক্যামেরা ট্রায়াল নয় বরং উন্মুক্ত আদালত (ওপেন ট্রায়াল), তাই এখানে শুধু সাংবাদিক নন, সাধারণ জনগণও উপস্থিত থাকতে পারেন। উন্মুক্ত বিচারিক কার্যক্রমে সাংবাদিকদের উপস্থিতিতে বাধা দেওয়া কিংবা বের করে দেওয়া অনুচিত হয়েছে।

এদিকে, সাংবাদিক সরিয়ে দেওয়ার এই পরিস্থিতির মধ্যেই শুনানি সম্পন্ন হয় এবং আদালত আসামি দীপের নতুন করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ ও কথোপকথন বিশ্লেষণ এবং অন্য কোনো রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখতে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানিতে অংশ নেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।

Related Articles

Back to top button