মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে ধস


যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের প্রতি জনসমর্থন বা ‘অ্যাপ্রুভাল রেটিং’ সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। রয়টার্স/ইপসোস-এর নতুন এক জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মাত্র ৩২ শতাংশ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।
একই সঙ্গে জরিপে রিপাবলিকান পার্টির প্রতি ভোটারদের অজনপ্রিয়তাও স্পষ্ট হয়ে উঠেছে। কংগ্রেস নির্বাচনে কাকে ভোট দেবেন—এমন প্রশ্নে ৪৬ শতাংশ উত্তরদাতা ডেমোক্র্যাটদের পছন্দের কথা জানিয়েছেন, যার বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ।
ব্যালটে সরাসরি ট্রাম্পের নাম না থাকলেও, তিনি সমর্থকদের তাকে স্মরণ করে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। ট্রাম্প সতর্ক করে বলেন, রিপাবলিকান পার্টি যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায়, তবে ডেমোক্র্যাটরা তাকে তৃতীয়বারের মতো অভিশংসন করার উদ্যোগ নিতে পারে।
বিশ্লেষকদের মতে, বিশেষ করে গত ফেব্রুয়ারিতে ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাত শুরুর পর পেট্রল ও ডিজেলের দাম লাফিয়ে বাড়ায় মূল্যস্ফীতি ও অর্থনীতি নিয়ে মার্কিন গ্রাহকরা গভীর দুশ্চিন্তায় পড়েন। এই অসন্তোষের প্রভাবেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে।
নির্বাচনে দলীয় আধিপত্য ধরে রাখতে ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক ‘লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল’-এ এক সমাবেশের মাধ্যমে টানা এক মাসের প্রচার শেষ করেন ট্রাম্প। প্রচারণা শেষে তিনি নিজেও স্বীকার করেন, মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দল জয়ী হতে পারে না। তবে তারা তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।




