মধুমতী নদীতে নৌকাবাইচ ঘিরে লাখো মানুষের ঢল


বৈঠার ছন্দ, কাঁসার ঘণ্টার ধ্বনি আর মাঝি-মাল্লাদের ‘হেঁইও’ রবে মুখরিত হয়ে ওঠা মধুমতী নদীর বুকে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এই আয়োজন ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে উৎসবের নগরে পরিণত হয়েছিল মাগুরার মহম্মদপুর।
রোববার (১ নভেম্বর) এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে লাখো মানুষের ঢল নামে।
মহম্মদপুর উপজেলা বিএনপির আয়োজনে আয়োজিত এই নৌকাবাইচ উপলক্ষে দুই দিন আগে থেকেই নদীর পাড়ে বসে গ্রামীণ মেলা। মেলায় গৃহস্থালি পণ্য, খাবার, মিষ্টি ও শিশুদের খেলনার দোকান বসে। রোববার বিকেলে প্রতিযোগিতার শুরুতে রংবেরঙের নৌকাগুলোর গতি ও মাঝিদের উদ্দীপনা দর্শকদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি করে। খুলনা থেকেও প্রতিযোগীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শামীম হোসেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।




