সেপটিক ট্যাংক-সোক ওয়েল নির্মাণকাজ শুরুর নির্দেশ রাজউকের


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকার তালিকাভুক্ত ভবনে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণকাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত এবং রাজধানীর লেকগুলো দূষণমুক্ত করার লক্ষ্যে গঠিত কারিগরি কমিটির সাম্প্রতিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রাজউক সূত্রে জানা গেছে, রাজধানীজুড়ে যে ১ হাজার ২৬৯টি ভবনে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নির্মাণের জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে, সেগুলোর তালিকা সংশ্লিষ্ট সোসাইটিগুলোকে সরবরাহ করা হবে। এসব সেপটিক ট্যাংক ও সোক ওয়েলের নকশা রাজউক থেকে অনুমোদন নিতে হবে, যা আবেদন পাওয়ার তিন দিনের মধ্যে রাজউক নিষ্পত্তি করবে।
বৈঠকে স্পষ্ট জানানো হয়, যেসব ভবনের অনুমোদিত নকশায় সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের সংস্থান রয়েছে, সেসব ভবনের মালিকদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে কাজ শুরু করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু না করলে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




