দেশি বাজারে দাম মেলেনি, আবুধাবিতে ফিরতি যাত্রার পথে আটক ৬ সোনার ডিম

দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় আবুধাবি থেকে বাংলাদেশে আনা প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণের ‘ডিম’ পুনরায় আবুধাবিতে ফিরিয়ে নেওয়ার চেষ্টাকালে উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা। পৃথক অভিযানে মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের ডিম জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন নির্দেশনালয় (সিআইআইডি) জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি-১২৭’ ফ্লাইটের সন্দেহভাজন যাত্রী মোহাম্মদ মিনহাজকে অফলোড করে তার কাছ থেকে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। একই দিন বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় সমপরিমাণ ওজনের আরও ৩টি স্বর্ণের ডিম।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চোরাচালান চক্রটি এসব স্বর্ণ আগে আবুধাবি থেকে দেশে এনেছিল। দেশের বাজারে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় স্বর্ণগুলো পুনরায় আবুধাবিতে ফেরত নেওয়ার পরিকল্পনা করা হয়। আন্তর্জাতিক চোরাচালান চক্রটির সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ ও উৎস অনুসন্ধানে সিআইআইডি তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

Related Articles

Back to top button