কেন্দুয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব প্রশিক্ষণের উদ্বোধন

‘দক্ষ যুব গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং মাসব্যাপী যুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “যুবরাই দেশের আসল শক্তি, যুবরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ। যুবসমাজকে দক্ষ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে আধুনিক ও কার্যকর প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমাদের মূল লক্ষ্য হবে যুবকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা।”

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ মতিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার আমীর সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ মতিন রুমান এবং পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শান্তি।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল ইসলাম চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার নুরুল হক, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী প্রশিক্ষণার্থীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Related Articles

Back to top button