ফেসবুক ভিডিওতে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার কপি ছিঁড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুক লাইভ ভিডিওতে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার কপি ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে রাশেদ খান অভিযোগ করেন, তাঁর সুনাম ক্ষুণ্ন করতেই ‘আমার দেশ’ পত্রিকায় তাঁকে নিয়ে অবমাননাকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, গত ১৫ অক্টোবর ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা-সহকারীরা কী করছেন?’ শীর্ষক প্রতিবেদনে এবং পরবর্তীতে ‘এক হয়েছেন হাসিনাপুত্র জয় ও কিছু নব্য বিএনপি’ শিরোনামে প্রকাশিত সংবাদে তাঁর রাজনৈতিক পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে কটাক্ষ করা হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাঁর ছবি যুক্ত করে তাঁকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

জামায়াতের সঙ্গে বিরোধের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, জামায়াতের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য সামনে আনার পর থেকেই তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হচ্ছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বৈঠকটি মিথ্যা প্রমাণিত হলে জনগণ যে শাস্তি দেবে, তিনি তা মাথা পেতে নিতে রাজি আছেন।

‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সম্পাদক মাহমুদুর রহমান নিজেও অতীতে নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তাঁর নিজের ওপর চলা পুলিশি নির্যাতন ও কারাবাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, একজন মজলুম সম্পাদক ও পত্রিকার কাছ থেকে এ ধরনের চরিত্রহননমূলক আচরণ ও ট্যাগিং অন্তত কাম্য নয়। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Related Articles

Back to top button