আলাদা হচ্ছেন ইব্রাহিম-পলক?

অভিনেতা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক তিওয়ারির মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার পর শুরু হয়েছিল তাদের প্রেমের গুঞ্জন। এরপর বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে তাদের। তিন বছরের বেশি সময় ধরে তাদের সম্পর্কের কথা শোনা গেলেও কখনোই তা প্রকাশ্যে স্বীকার করেননি দুজন। এবার সেই সম্পর্কের ইতি টানার খবর সামনে এসেছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণভাবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইব্রাহিম ও পলক। বিচ্ছেদের উদ্যোগ নাকি নিয়েছেন ইব্রাহিম। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করতে চান না তারা।

এক সূত্রের ভাষ্য, বিচ্ছেদের কারণ জানা না গেলেও সিদ্ধান্তটি বন্ধুত্বপূর্ণভাবেই হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করার পরিকল্পনা তাদের নেই এবং আপাতত দুজনই নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দেবেন।

তবে এই বিচ্ছেদের প্রভাব পড়েছে তাদের পেশাগত কাজেও। একসঙ্গে কয়েকটি শুটিং করার পরিকল্পনা থাকলেও সেগুলোর কিছু বাতিল করা হয়েছে, আবার কিছু অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বলে দাবি করেছে ওই সূত্র।

২০২২ সালে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার সময় পলককে পাপারাজ্জিদের ক্যামেরা এড়াতে মুখ লুকাতে দেখা যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন সময় একসঙ্গে ঘোরাঘুরি ও ছুটি কাটানোর খবরও সেই গুঞ্জনকে আরও উসকে দেয়।

পলক টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে, অন্যদিকে ইব্রাহিম অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের ছেলে। তবে সম্পর্কের গুঞ্জন কিংবা বিচ্ছেদের খবর—কোনোটিই এখন পর্যন্ত তারা নিজ মুখে স্বীকার করেননি।

Related Articles

Back to top button