বিএনপিকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যে তিনি সতর্ক করে বলেন, “যার দল নাই, তার বল নাই। দলের মধ্যে আরেকটি দল তৈরি করলে নিজেদেরই ক্ষতি হয়।” তাই দলের ঐক্য বজায় রেখে জনগণের পাশে থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন তিনি।

নেতৃত্বের বিষয়ে আবদুস সালাম স্পষ্ট করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমান নেতা তারেক রহমানের বাইরে দলের প্রতিটি সদস্যই কর্মী—এই বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের জেল-জুলুম ও মামলার মুখোমুখি হওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, বিএনপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যা সব সময় জনগণের পাশে ছিল। দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস, পানি ও ব্যাংক খাতের সংকট হঠাৎ দূর করা সম্ভব নয় উল্লেখ করে তিনি সরকার পরিচালনায় ধৈর্য ধারণ ও সময় দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবীর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button