ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা

দিনভর ক্লান্তিহীন শুটিং শেষ করে ঘরে ফিরে এক লহমায় বাবা ও স্বামীর দায়িত্ব পালনে ডুবে যাওয়া বলিউড অভিনেতা ভিকি কৌশলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তার স্ত্রী ও জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ। লাইমলাইট থেকে সন্তানকে দূরে রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন জীবনের অভিজ্ঞতা ও স্বামীর দায়িত্ববোধ নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

২০২১ সালে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতির ঘর আলো করে গত বছর আসে পুত্রসন্তান বিহান, যার বয়স এখন প্রায় এক বছর। প্রথমবার বাবা-মা হওয়ার এই নতুন অধ্যায় প্রসঙ্গে ক্যাটরিনা জানান, দিনে ১৪ থেকে ১৮ ঘণ্টা টানা শুটিং করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পরও ভিকির মধ্যে অদ্ভুত শক্তির সঞ্চার হয়। ঘরে পা রেখেই তিনি পুরো মনোযোগ ঢেলে দেন সন্তান ও সংসারের পেছনে—ভিকির এই গুণটিকে বিশেষ এক ক্ষমতা বলেই মনে করেন তিনি। তবে অভিভাবকত্বের এই সুন্দর সময়গুলো উপভোগ করতে গিয়ে নিজেদের একান্ত ব্যক্তিগত ও রোমান্টিক সময় যে এখন শিকেয় উঠেছে, তাও অকপটে স্বীকার করেছেন ক্যাটরিনা। হঠাৎ রেস্টুরেন্টে খেতে যাওয়া বা সিনেমা দেখার অবসর আগের মতো না মিললেও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। ক্যাটরিনা জানান, ভিকি তাকে সবসময় সাহস জোগান এবং মনে করিয়ে দেন যে, সময় হলেই সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।

কাজের প্রসঙ্গ টেনে ক্যাটরিনা বলেন, ২০২৪ সালের ‘মেরি ক্রিসমাস’ ছবির পর তাকে পর্দায় দেখা না গেলেও এ নিয়ে তার কোনো তাড়া নেই। বর্তমানে নিজের ব্যবসায়িক উদ্যোগ, পরিবার ও নিজেকে সময় দেওয়াকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তিনি। তবে ভক্তদের জন্য নতুন চমকের আভাস দিয়ে রেখেছেন যে, সুযোগ এলে আগামীতে ইতিবাচক কোনো চরিত্রে নয়, বরং সরাসরি খলনায়িকার ভূমিকা দিয়েই পর্দায় প্রত্যাবর্তন করতে চান এই বলিউড সুন্দরী।

Related Articles

Back to top button