মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ভোটগ্রহণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়, যা কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে এবং কোথাও কোথাও ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ সারি তৈরি হতে দেখা যায়।

ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করার পাশাপাশি স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলার ১৮৫টি কেন্দ্রের মধ্যে সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এই আসনে মোট ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন, তৃতীয় লিঙ্গের ভোটার চারজন এবং পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন (পুরুষ ২৪৯ ও নারী ৩৮)।

গত ২৯ সেপ্টেম্বর প্রাথমিক যাচাই-বাছাইয়ে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থাকা পাঁচজন প্রার্থী হলেন— বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। এর মধ্যে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং জামায়াত সমর্থিত দেলাওয়ার হোসেনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জয়ী হয়েছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ফলে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং এই উপনির্বাচনের আয়োজন করা হয়। আজকের ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে এই আসনের নতুন সংসদ সদস্য কে হচ্ছেন।

Related Articles

Back to top button