লিবিয়া থেকে আরও ১৭২ জনকে প্রত্যাবাসন

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার মিসরাতা শহর থেকে ১৭২ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফেরা এই বাংলাদেশিরা বুরাক এয়ারের (ইউ‌জেড২২২) একটি বিশেষ ফ্লাইটে চড়ে রওনা হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আনুমানিক সকাল ৬টায় তাঁদের ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রত্যাবাসিত এই নাগরিকদের মধ্যে ১৮ জন শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

এর আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ মিসরাতা শহরে প্রত্যাবাসনপ্রত্যাশী নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রি-ডিপার্চার ব্রিফিংকালে তিনি অনিয়মিত অভিবাসনের বিভিন্ন ঝুঁকি এবং এর শারীরিক, মানসিক, আর্থিক ও পারিবারিক ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সবাইকে সচেতন করেন।

রাষ্ট্রদূত জানান, লিবিয়ায় বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরত পাঠাতে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রত্যাবাসিতদের দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার পরামর্শ দেন এবং ভবিষ্যতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যেকোনো মূল্যে বৈধ পথ অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভনে না পড়ে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে সাহায্য করা এবং অনিয়মিত অভিবাসনের ভয়াবহতা নিয়ে জনসচেতনতা তৈরির তাগিদ দেন রাষ্ট্রদূত।

Related Articles

Back to top button