সন্দ্বীপে পৈতৃক ভিটা দখল করে সড়ক নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে পৈতৃক বসতভিটার মাঝখান দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের অপচেষ্টা, হামলা, হুমকি, মাছ ছিনতাই ও চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন যুবদল নেতা পরিচয়দানকারী জাকারিয়া তসলিম। নিজেদের পৈতৃক সম্পত্তির অধিকার রক্ষা এবং এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ‘তালুকদার পরিবার’।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মাস্টার জাফরুল হক তালুকদার।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ দুই বছর ধরে তাঁদের পৈতৃক জমির মাঝখান দিয়ে জোরপূর্বক রাস্তা বানানোর চেষ্টা করছেন জাকারিয়া তসলিম। এতে বাধা দেওয়ায় পরিবারের সদস্য গিয়াস উদ্দিন তালুকদারকে হয়রানি ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা চালানোর পাশাপাশি প্রতিনিয়ত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। পৈতৃক জমির আশপাশে বিকল্প চলাচলের পথ থাকা সত্ত্বেও এ ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে এবং স্থানীয় বিএনপি নেতা ও পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তালুকদার পরিবারের পক্ষ থেকে জাকারিয়া তসলিমের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— বাংলাবাজার ও গাছতলীর হাট-ঘাট এলাকায় এক ব্যবসায়ীর সাত-আট লাখ টাকার মাছ ছিনতাই, ধোপারহাট মাছ বাজারে ব্যবসায়ীদের ওপর হামলা ও অতিরিক্ত অর্থ দাবি, দধি ও সেলুন ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, মাংস ব্যবসায়ীর কাজে বাধা প্রদান এবং কাজী আনসারীর পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে সশস্ত্র হামলা। এ ছাড়া গত ২১ অক্টোবর কেরানী মার্কেট এলাকায় ব্যবসায়ী সাহাব উদ্দিনের ওপর হামলার ঘটনায় জাকারিয়া ও তাঁর অনুসারীদের দায়ী করা হয়; গুরুতর আহত সাহাব উদ্দিন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি ও দখলদারিত্বের প্রতিবাদ জানিয়ে মাস্টার জাফরুল হক তালুকদার বলেন, বিএনপির নাম ব্যবহার করে এ ধরনের ভয়ভীতি প্রদর্শনে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। বিএনপি নেতৃত্বকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে তাঁরা পৈতৃক জমি রক্ষা ও অপরাধীদের শাস্তির দাবিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাকারিয়া তসলিম। তাঁর দাবি, সড়কটি সম্পূর্ণ খাস জমির ওপর নির্মিত এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্যই তা করা হয়েছে; এতে কারও পৈতৃক সম্পত্তি দখল করা হয়নি।

সংবাদ সম্মেলনে তালুকদার পরিবারের সদস্য সাইফুল মূলক শিপন, আলমগীর তালুকদার, মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, অ্যাডভোকেট আরাফাত হাসান ও অ্যাডভোকেট হেলাল মুজিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button