বগিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, ধাক্কাটি ছিল ভয়াবহ


স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিকার হওয়া ট্রেনের যাত্রী ও বিশিষ্ট সাংবাদিক রবার্তো গোমেজ সেই নির্মম মুহূর্তের রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। স্প্যানিশ ওন্দা সেরো রেডিও এবং বিবিসির বরাতে জানা গেছে, দ্রুতগতির ট্রেনটি থেমে থাকার পর পুনরায় চলতে শুরু করার পরপরই আকস্মিক ও বিকট এই সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রবার্তো গোমেজ জানান, ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে একটি বগি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ভেঙে যাওয়া ট্রেনের ভেতর যাত্রীদের স্যুটকেস ও মালামাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। তিনি নিজে সামান্য আঘাত পেলেও অন্য এক যাত্রী তাঁর ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরিস্থিতি অত্যন্ত বিশৃঙ্খল ও মানসিকভাবে কষ্টদায়ক হলেও তিনি এবং অন্য যাত্রীরা মিলে বুকে ও পাঁজরে আঘাতপ্রাপ্তদের দ্রুত সহায়তা করেন। অবশেষে দুর্ঘটনার কয়েক মিনিট পর জানালা ভেঙে তারা বাইরে বের হতে সক্ষম হন।
ট্রেনে থাকা অন্যান্য যাত্রীদের অভিজ্ঞতায় উঠে এসেছে বিভীষিকাময় চিত্র। এদুয়ার্দা নামের এক যাত্রী জানান, সংঘর্ষের প্রভাবে তিনি সামনের দিকে ছিটকে পড়েন এবং তাঁর সামনের টেবিলটি ভেঙে যায়। ট্রেন থেকে বের হওয়ার পর তিনি চারপাশে আর্তচিৎকার শুনতে পান, একটি বগিতে আগুন জ্বলতে দেখেন এবং ট্রেনের নিচে নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
মিগেল আঞ্জেল পেরেজ নামের অপর এক যাত্রী স্প্যানিশ টেলিভিশনে জানান, বিকট শব্দের পর পুরো বগিটি লাইনচ্যুত হয়ে একদিকে হেলে পড়ে এবং ওই কয়েক সেকেন্ডের অভিজ্ঞতা তাঁদের জন্য ছিল চরম আতঙ্কজনক। ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রেললাইনের একটি লম্বা লোহার পাত ট্রেনের বগি ভেদ করে ছাদ দিয়ে বেরিয়ে আসতে দেখা গেছে।




