দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০০ ছাড়াল


দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন রোগী।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরেই মারা গেছেন ১৬৪ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে আরও জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যায় দেখা যায়— ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮১৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২১৭ জন, খুলনা বিভাগে ২১৪ জন, বরিশাল বিভাগে ১৯৪ জন, রংপুর বিভাগে ১১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮৪ জন রোগী ভর্তি হয়েছেন।




