আ.লীগের কেনা ১৮ কোটি টাকার এমআরআই মেশিন এখন ভাঙারি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে বিগত আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, তারা একজন চিকিৎসককেও প্রশিক্ষিত করেনি, পর্যাপ্ত পরিমাণ নার্স নেয়নি এবং শয্যা সংখ্যা বৃদ্ধি করেনি। লোকবল না থাকা সত্ত্বেও কেবল অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তারা দামি মেশিন কিনে ফেলে রেখেছে।

বুধবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোবাইল হেলথ ক্লিনিকের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কসবা ও আখাউড়া উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর জন্য শক্তি ফাউন্ডেশন ও রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই মোবাইল হেলথ ক্লিনিক চালু করা হয়েছে এবং এ উপলক্ষে কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার রেডিওথেরাপির মেশিন আনার আগেই প্রয়োজনীয় লোকবল প্রস্তুত করে রেখেছে, যা বিগত সরকার করেনি। খুলনায় ১৮ কোটি টাকার এমআরআই মেশিন কোনো ধরনের বাংকার বা প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই কেবল দুর্নীতি ও অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এনে ফেলে রাখা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেই মেশিন এখন ভাঙারিতে পরিণত হয়েছে এবং তা বিক্রি করে বাদাম খেতে হবে।

তিনি আরও বলেন, সরকার উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে শয্যা সংখ্যা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার এবং ডায়ালাইসিস মেশিনের সংখ্যা বাড়ানো হচ্ছে। ধাপে ধাপে জনবল প্রস্তুত করে স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবু সাঈদ এবং পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম প্রমুখ।

Related Articles

Back to top button