কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে আকিজ রিসোর্সের নতুন উদ্যোগ

স্বাস্থ্যসেবা, শরীরচর্চা, ফ্যাশন ও ডাইনিংসহ বিভিন্ন খাতে নানা প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব (পার্টনারশিপ) স্থাপনের মাধ্যমে নিজস্ব কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্স।

সম্প্রতি আকিজ রিসোর্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই উদ্যোগের আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়।

এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি সুখী, ইউনাইটেড হেলথকেয়ার, শান্তা লাইফ, অ্যালাইট ইন জেন, পারসোনা, ওয়েলনেস বাই মুন, জনস ফিটনেস হাব ও ফেব্রিলাইফের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। এছাড়া ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, অ্যাসকট দ্য রেসিডেন্স ঢাকাসহ বিভিন্ন জনপ্রিয় রেস্তোরাঁ ও ক্যাফের সঙ্গেও যুক্ত হয়েছে আকিজ রিসোর্স।

এই বিশেষ অংশীদারত্বের আওতায় আকিজ রিসোর্সের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে বিশেষ কর্পোরেট মূল্য ও আকর্ষণীয় ছাড় সুবিধা পাবেন। এর মধ্যে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নির্বাচিত কিছু সেবায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা মিলবে। অন্যদিকে, অংশীদার হোটেলগুলোতে রুম ভাড়ার ক্ষেত্রে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন তারা।

এ বিষয়ে আকিজ রিসোর্সের কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান বলেন, “কর্মীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনক করতে আমরা আমাদের অংশীদার ব্র্যান্ডের পরিসর উত্তরোত্তর বাড়ানোর পরিকল্পনা করছি। এর মাধ্যমে আমাদের কর্মীরা জীবনযাত্রার মানোন্নয়নে আরও বেশি সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।”

কর্মীদের কল্যাণ, কর্মক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের অঙ্গীকার থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। বিভিন্ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে এই সংযোগের ফলে আকিজ রিসোর্সের কর্মীদের জন্য স্বাস্থ্যসেবা, বিনোদন ও লাইফস্টাইল সংশ্লিষ্ট সেবাগুলো পাওয়া আরও সহজলভ্য হবে।

Related Articles

Back to top button