ভাল্লেত্তার মেয়রকে ঢাকা সফরের আমন্ত্রণ


ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটন খাতের বিকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে মাল্টার অনারারি কনসাল শোয়েব চৌধুরী।
একই বিষয়ে আলোচনা এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে তিনি বাংলাদেশের রাজধানী ঢাকা সফরের জন্য মাল্টার রাজধানী ভাল্লেত্তার মেয়র ওলাফ ম্যাকাইকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণের জবাবে মেয়র ওলাফ ম্যাকাই সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের বিষয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছেন।
গত সোমবার (২৬ অক্টোবর) মাল্টার ভাল্লেত্তায় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তাঁদের মধ্যে এই ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক বিনিময় এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা হয়। ১৯৮০ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া ভ্যালেটার ঐতিহাসিক স্থাপনা ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি শহরটিকে আধুনিক ও গতিশীল নগর হিসেবে গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন মেয়র ওলাফ ম্যাকাই।
আন্তর্জাতিক পরিসরে মাল্টার ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। জবাবে অনারারি কনসাল শোয়েব চৌধুরী উল্লেখ করেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভ্যালেটার ইতিহাস বিশ্ববাসীর কাছে আরও সহজে তুলে ধরা সম্ভব। এতে ইতিহাসপ্রেমী ও পর্যটকেরা ঘরে বসেই ভার্চ্যুয়াল প্রযুক্তির সাহায্যে শহরটি সম্পর্কে জানতে পারবেন।
দুই দেশের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক প্রসারের বিষয়েও বৈঠকে ঐকমত্য প্রকাশ করা হয়। আলোচনা শেষে দুই পক্ষের মধ্যে শুভেচ্ছা স্মারক ও সৌজন্য উপহার বিনিময় করা হয়, যেখানে মেয়র ওলাফ ম্যাকাই অনারারি কনসাল শোয়েব চৌধুরীর হাতে ভ্যালেটা শহরের একটি বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
উক্ত দ্বিপাক্ষিক বৈঠকে ভ্যালেটা লোকাল কাউন্সিলের নির্বাহী সচিব গ্যাব্রিয়েলা অ্যাজোপার্দি এবং শোয়েব চৌধুরীর সহধর্মিণী ও ‘দ্য এশিয়ান এজ’-এর প্রধান সম্পাদক ড. জেসমিন চৌধুরী উপস্থিত ছিলেন।




