সারের পর্যাপ্ত মজুত ও কৃত্রিম সংকট নিরসন: বিদেশে রপ্তানির সম্ভাবনা দেখছে সংসদীয় কমিটি

সারের কৃত্রিম সংকট নিরসনের পর এবার বিপণন ব্যবস্থার অনিয়ম রোধ ও ডিলার নিয়োগের অভিযোগ তদন্তে কঠোর অবস্থান নিয়েছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

দেশে চাহিদার বিপরীতে সারের পর্যাপ্ত মজুতের তথ্য নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন জেলায় ডিলার নিয়োগ সংক্রান্ত অনিয়ম খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সার বিতরণ কেন্দ্রিক কৃত্রিম সংকট দূর হওয়ায় বর্তমানে দেশে সারের কোনো ঘাটতি নেই। স্থানীয় সার কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদনে থাকলে ভবিষ্যতে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে সার রপ্তানির চমৎকার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।

বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত ৩ সদস্যের সাব-কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. মোস্তাফিজুর রহমান এমপিকে। অপর দুই সদস্য হলেন মো. রোকন উদ্দীন বাবুল এমপি ও মোছা. সাবিরা সুলতানা এমপি। এই কমিটি সরেজমিনে সারের মজুত ও বিপণন পর্যবেক্ষণ করবে এবং অনিয়ম চিহ্নিত করে সুপারিশ জমা দেবে।

এদিকে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোরসহ যেসব জেলায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে, সেখানে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি। যেসব ডিলারশিপের চুক্তি এখনও সম্পন্ন হয়নি, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে যাদের চুক্তি ইতিমধ্যে সম্পাদিত হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ আমন্ত্রণে বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ কমিটির সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button