চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের


চট্টগ্রাম নগরে প্রতিদিন প্রায় এক হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ১২ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে জাপানের প্রকৌশল প্রতিষ্ঠান ‘জেএফই (JFE) ইঞ্জিনিয়ারিং’। জাপান-বাংলাদেশ যৌথ সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্ল্যাটফর্মের আওতায় এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তায় এ সংক্রান্ত সম্ভাব্যতা যাচাইয়ের পর সম্প্রতি চসিক ভবনে আয়োজিত এক বৈঠকে জাপানি প্রতিনিধিদল এই প্রস্তাব পেশ করে।
বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন জানান, বর্জ্যকে সম্পদ হিসেবে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগে তারা অত্যন্ত আগ্রহী।
তিনি উল্লেখ করেন, বর্জ্যের সুব্যবস্থাপনা না হলে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা বৃদ্ধি পায়, তাই এ প্রকল্প টেকসই নগর ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে। বৈঠকে জাপানের পরিবেশ মন্ত্রণালয় ও জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধিদের পাশাপাশি চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




