জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করছে উইনরক: স্পিকার


চার দশকেরও বেশি সময় ধরে চলমান অংশীদারিত্বের ধারাবাহিকতায় উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার, জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (২৫ অক্টোবর) স্পিকারের কার্যালয়ে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও মাকসোদা মাকসোদির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণকারী দেশ হওয়া সত্ত্বেও বৈশ্বিক উষ্ণায়ন ও কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয়, হাওর ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের জীবিকা ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে। তিনি আরও বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে।
বৈঠকে প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বহুমুখীকরণ, কৃষি পণ্য উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে ফেরত আসা বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
এ সময় বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধারে মার্কিন সরকারের সহযোগিতা কামনা করেন স্পিকার।
বৈঠকে উইনরক ইন্টারন্যাশনালের সংশ্লিষ্ট প্রতিনিধিরা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




