বিদেশিদের ডলারের ১৫% রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ

বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রার (ডলার) সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের ব্যাংক হিসাবে সংরক্ষণ করতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। তবে অবশিষ্ট ৮৫ শতাংশ অর্থ দেশীয় মুদ্রায় (টাকায়) ভাঙিয়ে নিতে হবে।

রোববার (২৫ অক্টোবর) ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এই সুযোগ প্রদান করে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে এই বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ দিতে পারবে। বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট মাধ্যমের মাধ্যমে প্রাপ্ত অর্থের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংরক্ষিত এই ডলার ব্যবহার করে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের বৈধ বৈদেশিক লেনদেনের খরচ মেটাতে পারবে। তবে এ ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এসব খরচ পরিশোধের সুযোগ থাকবে।

পাশাপাশি, বিদেশি পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে আন্তর্জাতিক কার্ড ও অন্যান্য অনুমোদিত উপায়ে যেন সহজেই অর্থ গ্রহণ করা যায়, তা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের ফলে বিদেশি পর্যটকদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের অর্জিত বৈদেশিক মুদ্রার একটি অংশ ব্যবসার বৈধ প্রয়োজনে ব্যবহারের সুযোগ পাবে। এতে আন্তর্জাতিক লেনদেন যেমন সহজ হবে, তেমনি পর্যটকদের কাছ থেকে ডিজিটাল ও কার্ড মাধ্যমে অর্থ গ্রহণেও ব্যবসায়ীরা উৎসাহিত হবেন।

Related Articles

Back to top button