বেলুচিস্তানে সেনা অভিযানে টিটিপির অন্যতম শীর্ষ কমান্ডার নিহত


পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহ জেলায় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিষিদ্ধঘোষিত পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) অন্যতম শীর্ষ কমান্ডার আদিল শাহ ওরফে দরবেশ নিহত হয়েছেন। নিহত এই জঙ্গি কমান্ডারের মাথার দাম ২৫ লাখ রুপি ঘোষণা করেছিল পাকিস্তান সরকার।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, নিহত আদিল ওরফে দরবেশ ২০২০ সালের ডিসেম্বরে টিটিপিতে যোগ দেন এবং দ্রুতই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে উঠে আসেন। ২০২৪ সালে তিনি টিটিপির আর্থিকবিষয়ক দায়িত্ব লাভ করেন। পাশাপাশি বেলুচিস্তানের ঝোব, শেরানি ও শাবান জেলায় বহিরাগত জঙ্গিদের আবাসনের ব্যবস্থা করার দায়িত্বেও ছিলেন তিনি।
নিহত এই কমান্ডার ২০২২ ও ২০২৩ সালে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আদালতে মোট ১৯টি মামলা বিচারাধীন ছিল। নিরাপত্তা সূত্র মতে, এই সামরিক অভিযানটি বেলুচিস্তানে চলমান ‘অপারেশন রাদ্দ-উল-ফিতনা ৩’-এর অংশ হিসেবে পরিচালিত হয়।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে গত ১২ বছরের মধ্যে সর্বাধিক সংখ্যক জঙ্গি হামলার ঘটনা রেকর্ড করা হয় পাকিস্তানে।
ইসলামাবাদ বারবার কাবুলের প্রতি আহ্বান জানিয়ে আসছে যেন আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে কোনো জঙ্গি গোষ্ঠী হামলা চালাতে না পারে। তবে বেশ কয়েক দফা আলোচনার পরও আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গি তৎপরতা চালানোর বিষয়ে উভয় দেশের মধ্যকার মতপার্থক্য নিরসন হয়নি।
সূত্র: জিও নিউজ




