৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকাসহ সারা দেশেই বর্ণাঢ্য র‍্যালিসহ নানা কর্মসূচি পালন করবে বিএনপি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর সকাল ৬টায় সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে দলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পোস্টার প্রকাশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীসহ নানা উদ্যোগ নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, দলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তৈরি খসড়া অনুযায়ী ৭ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে এবং একইসঙ্গে জেলা ও উপজেলা পর্যায়েও র‍্যালি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রদল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করবে। এছাড়া আগামী ৬ নভেম্বর একটি আলোচনা সভার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে, যা দলের চেয়ারম্যানের সম্মতি সাপেক্ষে চূড়ান্ত হবে।

৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক অনিশ্চয়তা ও সংঘাতের মধ্য দিয়ে তৎকালীন সময়ে সিপাহী-জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল। ১৯৭১ সালে কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান যেমন জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন, তেমনি ৭ নভেম্বরের পর তিনি রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে এসে দেশে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও ছাত্র-জনতার বিপ্লবের প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ৭ নভেম্বরের চেতনা জুলাই আন্দোলনের ছাত্র-জনতাকেও গভীরভাবে প্রভাবিত করেছে। ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছে। ভবিষ্যতে কোনো অগণতান্ত্রিক শক্তি যেন জনগণের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে, সে জন্য স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ৭ নভেম্বরের চেতনা মানুষকে আবারও ঐক্যবদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Related Articles

Back to top button