হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ১ নম্বর জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি জানাজায় কথা-কাটাকাটির জের ধরে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আজহারের অনুসারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে দুপুরে হাজিপুর বাজারে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম আজহারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাঁর অফিসের সামনে এসে হামলা চালালে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

Back to top button