রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেল প্রতিমন্ত্রী

রেলের টিকিট বিক্রিতে কোনো ধরনের অনিয়ম বা অনভিপ্রেত ঘটনা ঘটলে অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে নতুনভাবে চালু হওয়া মহানগর এক্সপ্রেস ট্রেনের প্রথম দিনের যাত্রায় চড়ে ঢাকা থেকে ফেনী আসেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বর্তমানে অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি হওয়ায় টিকিট সংক্রান্ত যেকোনো অনিয়ম পর্যবেক্ষণ করা সহজ হচ্ছে এবং যেকোনো অভিযোগ পাওয়া মাত্রই কর্তৃপক্ষ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করছে।

বর্তমান সরকারের সেবামূলক মনোভাবের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের সেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর, আর সেই লক্ষ্য বাস্তবায়নেই মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ফেনী মরহুম বেগম খালেদা জিয়ার এলাকা এবং প্রধানমন্ত্রীর মামার বাড়ি। প্রধানমন্ত্রী সারাদেশের মতো ফেনীবাসীর সার্বিক উন্নয়নেও অত্যন্ত সচেষ্ট রয়েছেন। মহানগর এক্সপ্রেস ট্রেনটি সম্প্রসারণের চিন্তাভাবনার শুরুতেই স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু ফেনী স্টেশনে যাত্রাবিরতি এবং এই এলাকার যাত্রীদের জন্য সর্বোচ্চ আসন বরাদ্দের দাবি জানিয়েছিলেন, যা প্রধানমন্ত্রী পূরণ করেছেন। ফলে জনগণ যে প্রত্যাশা নিয়ে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ভোট দিয়েছিল, তা বাস্তবায়িত হয়েছে।

রেলওয়ের অবকাঠামোগত কাঠামোর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন যে বিগত সময়ে রেল বিভাগে লোকোমোটিভ ও গ্যারেজের মারাত্মক স্বল্পতা ছিল, তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মিটারগেজ ও লোকোমোটিভের সেই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এসব সুযোগ-সুবিধা আরও বৃদ্ধির জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

ফেনীবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাত্রীরা যত বেশি টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করবেন, এই রুটে আসন সংখ্যা ও রেলের গ্যারেজ বৃদ্ধির বিষয়ে সরকার তত বেশি সচেষ্ট থাকবে। এর আগে রাত ১টা ৫৫ মিনিটে ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছালে প্রতিমন্ত্রী এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন।

Related Articles

Back to top button