মিরপুরে ফের ডিএনসিসির উচ্ছেদ অভিযান

রাজধানীর মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ও অবৈধ স্থাপনা সরাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্থার পক্ষ থেকে জানা গেছে, বিকেলে ওই এলাকায় ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে মিরপুর-১ গোল চত্বর এলাকায় প্রথম দফার এই অভিযান শুরু হয়।

অভিযানের ধারাবাহিকতায় বিকেল ৫টায় উক্ত এলাকায় ফের অভিযান চালানো হবে বলে নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন।

অভিযানে অংশ নিয়ে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, “নগরবাসীকে কথা দিয়েছিলাম, একেকটি করে ফুটপাত দখলমুক্ত করা হবে। রাস্তার ওপর দিয়ে মানুষ হাঁটবে এবং যানবাহন চলাচল করবে। সেখানে রাস্তা বন্ধ করে দোকানপাট বসানো হয়েছে। ডিএনসিসির পক্ষ থেকে আমি ইতিমধ্যে ১০ নম্বর গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করেছি। অবৈধভাবে ফুটপাত দখল করে কোনো দোকান থাকতে পারবে না, সেই লক্ষ্যেই আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর-১ গোল চত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে দ্বিতীয় দফার অভিযানটি শুরু হবে। সকালের মতো ওই সময়েও ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত থেকে ফুটপাতের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন।

Related Articles

Back to top button