চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য কেনাবেচা বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। পরে রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এই তথ্য জানান।

সভায় লে. কমান্ডার সাব্বির বলেন, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান আন্তর্জাতিক সমুদ্রবন্দর হওয়ায় এর মাধ্যমে দেশের আমদানি-রপ্তানির সিংহভাগ কার্যক্রম পরিচালিত হয়। তাই দেশের জাতীয় অর্থনীতির স্বার্থেই বন্দর জলসীমায় দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা রক্ষা অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, বহিঃনোঙ্গরে জাহাজে চুরি, চোরাচালান ও অবৈধ লেনদেন রোধে কোস্ট গার্ড পূর্ব জোন নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করে আসছে। এসব কঠোর পদক্ষেপের ফলে সামুদ্রিক জলসীমায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাণিজ্যিক জাহাজে চুরির ১০টি ঘটনা ঘটলেও ২০২৫ সালে তা কমে ৪টিতে নেমে আসে এবং চলতি বছরেও এই সংখ্যা ৪টিতে অপরিবর্তিত রয়েছে।

কোস্ট গার্ডের আয়োজিত এই সমন্বয় সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, কাফকো, সিইউএফএল, পিসিটি, আরএসজিটি এবং ৪২টি শিপিং এজেন্ট কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button