মেহেরপুরে জমি নিয়ে বিরোধ: স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম ও ঘরবাড়ি ভাঙচুর

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কালাম হোসেন (৬০) ও তাঁর স্ত্রী রোকসানা খাতুনকে (৫৫) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তাদের ঘরবাড়িও ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে গাঁড়াবাড়ীয়া গ্রামে নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাঁড়াবাড়ীয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মকলেছুর রহমান ও তাঁর চাচা কালাম হোসেন তাঁদের শরিকানা জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। ওই জমির ১৬ শতক জমি প্রতিবেশী সিদ্দিকুর রহমান দাবি করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে গত ১৫ বছর ধরে আদালতে মামলা চলে আসছিল। ইতোমধ্যে জমির রায় মকলেছুর রহমানের পক্ষে গেলেও বিরোধ থামেনি।

মামলা চলাকালেই ওই জমি সিদ্দিকুর রহমান চার বছর আগে একই গ্রামের মৃত আফছার আলীর ছেলে মজিদুল ইসলামের কাছে বিক্রি করেন। বৃহস্পতিবার দুপুরে মজিদুল ইসলাম ও তাঁর পক্ষের মহিরুল ইসলাম, আলামিন হোসেন, রুহুল আমীনসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে কালাম হোসেন ও তাঁর স্ত্রী রোকসানাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই জমি নিয়ে বিরোধের জেরে পরাজিত হয়ে প্রতিপক্ষরা রাতের আঁধারে কালাম হোসেনের বাড়িতে হামলা চালিয়ে তাঁদের আহত করেছিলেন এবং ঘরের টিনশেড ভেঙে ক্ষতিসাধন করেছিলেন। এবার একই পরিবারের ওপর আবারও হামলার ঘটনা ঘটল।

জমির প্রকৃত মালিক মকলেছুর রহমান অভিযোগ করেন, স্থানীয় একটি মহলের ইন্ধনে প্রতিপক্ষরা এই হামলা চালিয়েছে। তবে ঘটনার পর অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি, ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles

Back to top button