তুরাগ নদ থেকে সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার


শহিদুল ইসলাম (সুমন): রাজধানীতে নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান তথ্যটি নিশ্চিত করেন।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সংবাদের ভিত্তিতে তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নৌ পুলিশ সূত্র জানায়, লাশ উদ্ধারের সময় তাঁর পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন। মুখে হালকা দাড়ি ছিল। পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
জানা গেছে, তাহসিফ সপরিবারে উত্তরা ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে তাহসিফসহ বিমান বাহিনীর চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।




