প্রধানমন্ত্রীর ভিভিআইপি বিমানে যান্ত্রিক ত্রুটি, নারিতায় উড্ডয়ন স্থগিত


যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটের উড্ডয়ন বিলম্বিত হচ্ছে। বর্তমানে ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রুটি সারানোর অপেক্ষায় পার্কিং এলাকায় অবস্থান করছে। এতে করে প্রধানমন্ত্রীর নির্ধারিত সময়ে ঢাকায় ফেরায় কিছুটা সূচির পরিবর্তন হতে পারে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজের কারিগরি ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন। কাজ শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
দায়িত্বশীল সূত্র জানায়, বিমানের প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি দক্ষ কারিগরি দল উড়োজাহাজটির ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ পরিচালনা করছেন।
ফ্লাইটের এক যাত্রী জানান, সফর শেষে ঢাকার উদ্দেশে যাত্রার জন্য বিজি-৩৭৭ ফ্লাইটটির বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। এরপর টার্মিনাল থেকে পুশব্যাক করে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারসংক্রান্ত ত্রুটির সংকেত দেখতে পান পাইলট। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) নির্দেশনায় উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়।
চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন।
এ ছাড়া তিনি জাপানের শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।




