ঝিনাইদহে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন কর্মচারী


দলিলে টিপসই নেওয়ার বিপরীতে অতিরিক্ত অর্থ ও ঘুস গ্রহণের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে এক কর্মচারীকে হাতেনাতে ধরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই দিনে চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালেও চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি ও সেবা প্রদানে অবহেলার অভিযোগে পৃথক অভিযান চালিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে এই দুটি অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্রে জানা যায়, ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহের একটি দল সেখানে অভিযান চালায়। দুদক টিম ছদ্মবেশে অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করে সেবাগ্রহীতাদের বিভিন্ন দলিলে টিপসই নেওয়ার সময় ঘুস গ্রহণের সত্যতা পায়। পরে কার্যালয়ে মাস্টাররোলে কর্মরত এক কর্মচারীকে হাতেনাতে ধরা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। অভিযানকালে সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্রও জব্দ করা হয়েছে, যা পর্যালোচনা করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।
অপরদিকে, চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি না থাকা, চিকিৎসাসেবায় অবহেলা ও রোগী হয়রানির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরের আরেকটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টিমটি চিকিৎসকদের হাজিরা খাতা ও বায়োমেট্রিক হাজিরার তথ্য যাচাই করে এবং হাসপাতালের টিকিট বিতরণ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ, রোগীদের খাবার মান ও প্যাথলজি বিভাগ পরিদর্শন করে। এ সময় রোগীদের অতিরিক্ত চাপের বিষয়টি লক্ষ করার পাশাপাশি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে বিভিন্ন প্রতিবন্ধকতা ও হয়রানির তথ্য সংগ্রহ করা হয়। পরে পরিদর্শনে প্রাপ্ত বিষয়গুলো হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে রোগীদের যথাসময়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয় দুদক।




