‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’: শুভেন্দু অধিকারী


পশ্চিমবঙ্গে যদি কোনো গরু জবাই করা হয়, তবে তাঁর চেয়ে খারাপ কেউ হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কথিত অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) মাধ্যমে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার সময় তিনি এসব মন্তব্য করেন।
জনসভায় তিনি বলেন, গরু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এবং গোমাতার কোনো ক্ষতি সহ্য করা হবে না। শুভেন্দু অধিকারী বলেন, “গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট বলছি, যদি এমন কিছু ঘটে তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না।”
এ সময় সীমান্ত এলাকার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “সীমান্তবর্তী অঞ্চলে কোনো অবৈধ মাদ্রাসা পরিচালনা করতে দেওয়া হবে না, যাতে সেখান থেকে কোনো দেশবিরোধী বা জাতীয়তাবিরোধী কার্যক্রম পরিচালিত হতে না পারে।”




