সরকারি বাসায় সাবলেট ও ভাড়াটিয়া বন্ধে কঠোর নির্দেশ: শনিবারের মধ্যে অপসারণের আলটিমেটাম


সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে তা অন্যকে সাবলেট বা ভাড়া দেওয়ার অনিয়ম রুখতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আগামী শনিবারের (৩১ অক্টোবর) মধ্যে সব অননুমোদিত ভাড়াটিয়াকে অপসারণ করে বরাদ্দপ্রাপ্তদের নিজেদের বাসায় অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে কোনো কারণ দর্শানো ছাড়াই বরাদ্দ বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য ও সতর্কবার্তা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের তদন্তে দেখা গেছে, অনেক বরাদ্দ প্রাপক নিজেদের ফ্ল্যাটের এক বা একাধিক রুম কিংবা পুরো বাসাই সাবলেট অথবা অন্যকে ভাড়া দিয়েছেন, যা ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর সম্পূর্ণ পরিপন্থি।
এই অবস্থায় আগামী ৩১ অক্টোবরের মধ্যে অননুমোদিত সব ভাড়াটিয়াকে অপসারণ করে বরাদ্দপ্রাপ্তদের নিজেদের বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিত সময়ের পর কোনো বাসায় সাবলেট বা ভাড়াটিয়ার উপস্থিতি পাওয়া গেলে কারণ দর্শানো ছাড়াই সরাসরি বাসা বরাদ্দ বাতিল করা হবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার অফিস প্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে অবহিত করে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




