চট্টগ্রামে মা ইলিশ রক্ষায় ২০৮ অভিযান: ৫ কোটি টাকার জাল ও ২১ টন ইলিশ জব্দ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে চট্টগ্রামে ২০৮টি অভিযান ও ৪২টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। এসব অভিযানে ৫ কোটি ৮২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ১৬ লাখ ৯২ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ২১ টন ৫৫৪ কেজি ইলিশ জব্দ, ১৭টি মামলা দায়ের এবং ২০ জনকে আটক করা হয়। অনিয়মের দায়ে ১৯ হাজার ৩১৭ টাকা জরিমানা এবং জব্দকৃত পণ্য নিলামে বিক্রি করে ৯ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা আয় হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও পাঁচটি উপকূলীয় উপজেলায় কোস্ট গার্ড ও নৌ পুলিশকে সঙ্গে নিয়ে এসব অভিযান চালানো হয়।

উপজেলাভিত্তিক অভিযানে সন্দ্বীপে সবচেয়ে বেশি (৩৮টি) অভিযান এবং বাঁশখালীতে সবচেয়ে বেশি (১৭টি) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অন্যান্য উপজেলার মধ্যে আনোয়ারায় ১৮টি অভিযান ও ৫টি মোবাইল কোর্ট, মিরসরাইয়ে ১৯টি অভিযান ও ২টি মোবাইল কোর্ট এবং সীতাকুণ্ডে ৩৫টি অভিযান ও ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম জানান, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির কারণে অধিকাংশ জেলে সাগরে নামা থেকে বিরত ছিলেন, যা ইলিশের বংশবিস্তার ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে নিষেধাজ্ঞা শেষেও ডিমওয়ালা ইলিশ ধরা পড়ার বিষয়ে নজর দিয়ে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী জানান, প্রজননকাল ও ডিম ছাড়ার সময় বৈজ্ঞানিকভাবে পর্যালোচনা করে নিষেধাজ্ঞার মেয়াদ এবং কার্যকারিতা আরও সুনির্দিষ্ট করা প্রয়োজন।

Related Articles

Back to top button