ছাত্রদল নেতা শাকিল হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য আরও ২ জন আটক


নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা শাকিল ইসলাম নিহতের ঘটনায় তদন্তের স্বার্থে আলামিন (২৬) ও আনিসুর (২৫) নামের আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার ধারাবারিষা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
এর আগে একই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ আসনের সাবেক এমপি আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুকে বড়াইগ্রামের নিজ বাসা থেকে আটক করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী দুর্বৃত্ত শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে প্রাণভয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
প্রথমে তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ অক্টোবর রাতে তার মৃত্যু হয়। নিহত শাকিল গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।




