ধানক্ষেতে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা মজনু সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরাকে কেন্দ্র করে সাংগঠনিক পরিকল্পনা করতে স্থানীয় ইউপি সদস্য সেলিম ও জোবায়েরের বাড়িতে অন্তত অর্ধশত নেতাকর্মীর গোপন বৈঠকের প্রস্তুতি চলছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান চালালে উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পার্শ্ববর্তী ধানক্ষেতে আত্মগোপন করেন। পরে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করতে সমর্থ হয় ডিবি।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার জানান, ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনার জেরে ২০২৫ সালের ২২ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সদর থানায় দায়ের করা একটি মামলায় মজনু সরকারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০০৯ সালের একটি চুরির মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button