একা নাকি পরিবারসহ? একা মরতে চাইলে হামাস যোদ্ধাকে ছাদে যেতে বলে ইসরায়েল

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের লক্ষ্যবস্তু করে হত্যার আগে নতুন পদ্ধতি অনুসরণ করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত। সৌদির সংবাদমাধ্যম আশরাক আল-আসওয়াত শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা হামাস সদস্যদের ফোন করে একা মারা যেতে চান, নাকি পরিবারের সদস্যদের সহ নিহত হতে চান—সেই প্রস্তাব দিচ্ছে। এখন পর্যন্ত অন্তত পাঁচটি এমন ঘটনার তথ্য পাওয়া গেছে, যেখানে হত্যার আগে কল দিয়ে স্বজনদের বাঁচানোর বিকল্প দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার আল-বায়ুক নামের এক হামাস যোদ্ধাকে ফোন করে শিন বেত জানায় তাঁকে হত্যা করা হবে। পরিবারকে বাঁচাতে চাইলে তাঁকে বাড়ির ছাদে গিয়ে দাঁড়াতে বলা হয়, অন্যথায় পুরো বাড়িতে হামলা চালিয়ে সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ফোন পেয়ে পরিবারের সদস্যদের রক্ষায় আল-বায়ুক নিজ জীবন উৎসর্গ করতে ছাদে যান এবং সেখানেই ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।

নিহত যোদ্ধার পরিবারের এক সদস্য জানান, আল-বায়ুক যখন ফোন পেয়ে ছাদে যাচ্ছিলেন, তখন তাঁর এক খালা বা ফুফু তাঁকে বাধা দিতে ছুটে যান। এতে তিনিও ইসরায়েলি হামলায় গুরুতর আহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকেই বেছে বেছে সংগঠনটির সদস্যদের টার্গেট করে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে আসছে দখলদার বাহিনী।

Related Articles

Back to top button