৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকদের এই অবরোধের কারণে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, আজকেও সকাল থেকে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকরা নেমেছেন এবং সড়ক অবরোধ করে তাদের দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা জানান, পোশাক শ্রমিকেরা আজও সড়ক অবরোধ করেছেন। এর ফলে বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। সেদিন দুপুরের দিকে তারা মিরপুর ১০ নম্বর এলাকা থেকে সরে শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর শাহ আলী এলাকার একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। একপর্যায়ে শ্রমিকেরা কারখানা ও একটি বিপণিবিতানে ভাঙচুর চালান। পরে বেলা ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ পোশাক কারখানাতেও ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটে।

Related Articles

Back to top button