নতুন চুক্তি ‘ট্যাপ’ স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে একটি নতুন ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। ‘ট্রাইলাটারাল আর্কটিক প্যাসিফিক পার্টনারশিপ’ বা সংক্ষেপে ‘ট্যাপ’ নামের এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ৩০ অক্টোবর (শুক্রবার) যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে জি২০ জোটের সম্মেলনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই এই নতুন চুক্তি স্বাক্ষরিত হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, বৈঠকে ‘ট্যাপ’ চুক্তি স্বাক্ষরের পাশাপাশি ত্রিপক্ষীয় অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা এবং জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া এ সংক্রান্ত পৃথক একটি সহযোগিতা স্মারক চুক্তিও (মেমোর‌্যান্ডম অব কো-অপারেশন বা মক) স্বাক্ষর করেছেন তারা।

বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রমুক্ত করার বিষয়ে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া বৈঠকে দক্ষিণ চীন সাগরে চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়টিও উত্থাপন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আলোচনায় অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়। এ সময় তিন দেশই যেকোনো ধরনের অর্থনৈতিক জবরদস্তি এবং সরবরাহ শৃঙ্খলকে অস্ত্র হিসেবে ব্যবহারের তীব্র বিরোধিতা করে। এর আগে গত জুলাই মাসে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় স্বাক্ষরিত ‘স্মল মডুলার রিঅ্যাক্টর’ বা ক্ষুদ্র মডুলার চুল্লি মোতায়েন সংক্রান্ত ত্রিপক্ষীয় সহযোগিতা স্মারকের বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করেন মন্ত্রীরা।

Related Articles

Back to top button