মধুপুরে কৃষিজমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) মধুপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাইতকাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কৃষিজমির টপ সয়েল কাটার সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি দল আদালতকে সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, “কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়া জমির উৎপাদনক্ষমতা ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষিজমির উর্বরতা রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

Related Articles

Back to top button