সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপতি


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। তরুণদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষ্যে শনিবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ দেশের সব বড় গণতান্ত্রিক অর্জনে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করা গেলে স্বনির্ভর, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চলতি বছরের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ যথার্থ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে তরুণ জনগোষ্ঠীর এ জনমিতিক সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের ভিত্তি স্থাপন করেছিলেন এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই উদ্যোগকে আরও সুদৃঢ় করেন।
বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর কৃষি, হস্তশিল্প, কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি মাদকাসক্তি প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং সামাজিক অবক্ষয় রোধে তরুণদের সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন। পরিশেষে, জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।




