ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে একটি যাত্রীবাহী ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। শনিবার বিকেলে পাম বিচ শহরের ক্রেশহ্যাভেন আবাসিক এলাকায় বিমানটি আছড়ে পড়ে।

দুর্ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন ‘মার-এ-লাগো’ থেকে মাত্র ১৪ দশমিক ৪৮ কিলোমিটার (৯ মাইল) দূরে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) জানায়, ‘লিয়ারজেট’ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, ৪১ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দুপুর ৩টা ৩৭ মিনিটের দিকে বিমানটি দ্রুত নিচে নেমে এসে আছড়ে পড়ে। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি হঠাৎ খাড়াভাবে নিচে নেমে আসে এবং বিকট শব্দে বিস্ফোরণের পর চারদিক ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়ে যায়।

পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস ও জরুরি সেবাদানকারী দল দুর্ঘটনাকবলিত ‘মিলিটারি ট্রেইল’ সড়ক এলাকাটি সাধারণ মানুষের জন্য বন্ধ ঘোষণা করেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সকলকে এলাকাটি এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথ তদন্ত শুরু করেছে।

(সূত্র: ফক্স নিউজ)

Related Articles

Back to top button