‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না’

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বক্তব্যের একাংশে তিনি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী দিলে ‘নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না’ বলে প্রতিপক্ষ বা বিদ্রোহী প্রার্থীদের প্রতি কড়া হুঁশিয়ারি দেন।

গত শনিবার (৩১ অক্টোবর) নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভাইরাল হওয়া বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, “ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না। মেম্বার, চেয়ারম্যান নির্বাচিত করে এমপি, এটা এমপির দায়িত্ব। মনোনয়ন দিবে এমপি… স্ব স্ব ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে বসে আলাপ-আলোচনার মাধ্যমে কানা-আন্ধা যারে দিব, সেই যোগ্য। কোনো আওয়াজ করা যাবে না…।” তিনি স্পষ্ট করেন যে, দলের শৃঙ্খলা রক্ষায় ইউনিয়নে কোনো বিদ্রোহী প্রার্থী বরদাশত করা হবে না।

এ বিষয়ে ব্যাখ্যা জানতে চাওয়া হলে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া জানান, যারা দলের শৃঙ্খলা নষ্ট করে বিদ্রোহী প্রার্থী দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্ররোচিত করছেন, তাদের উদ্দেশ্যে কথাটি বলা হয়েছে। বিদ্রোহী প্রার্থী থাকলে দলের মূল প্রার্থীর জয় কঠিন হয়ে পড়ে বলে উল্লেখ করে তিনি জানান, একক সিদ্ধান্ত নয়—বরং স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করেই প্রতিটি ইউনিয়নে দল-সমর্থিত একক প্রার্থী ঠিক করা হবে।

Related Articles

Back to top button