গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এগিয়ে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে এই আন্দোলনে নামেন। বিক্ষোভ ও ভাঙচুরের জেরে মহাসড়কের ১০ কিলোমিটারজুড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ায় মৌচাক, পল্লীবিদ্যুৎ, সুফিপুর ও হরিণঘাটি এলাকার আশপাশের সব শিল্পকারখানা আজকের মতো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকদের অবরোধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে।

Related Articles

Back to top button