মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগের দিন ইরানের কৌশলগত কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, কেশম দ্বীপে সীমিত আকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহার ও মার্কিন বিমান লক্ষ্য করে হামলার জবাবে ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয় বলে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
তবে এই হামলাটিকে কোনো বড় ধরনের সামরিক অভিযানের অংশ বলে মনে করছেন না সামরিক বিশ্লেষকেরা। প্রভাবশালী মার্কিন পত্রিকা ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, সম্প্রতি এ ধরনের সীমিত ও আত্মরক্ষামূলক হামলা মার্কিন বাহিনী গোপনেও পরিচালনা করেছে।
বিশ্লেষকদের মতে, মার্কিন নির্বাচন প্রক্রিয়ার ঠিক আগের দিনে চালানো এই সামরিক পদক্ষেপটি আবারও মনে করিয়ে দিচ্ছে যে ইরান পরিস্থিতির এখনও স্থায়ী কোনো সমাধান হয়নি এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের ঝুঁকি জিইয়ে রয়েছে।
উল্লেখ্য, এমন এক সময়ে এই আক্রমণটি চালানো হলো, যার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনীতির পথ খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, দু দেশের মধ্যে একটি কূটনৈতিক চুক্তি হতেই পারে। সোমবার (২ নভেম্বর) একই ধরনের সুর শোনা গেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের গলায়ও। সাংবাদিকদের তিনি জানান, সংঘাত থেকে বেরিয়ে আসার পথ বা সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্র ও ইরান বেশ কিছুটা অগ্রগতি অর্জন করেছে।




