গ্যাসের দাম বাড়িয়ে সরকার সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ


গ্যাসের দাম বাড়িয়ে সরকার সিলিন্ডার ব্যবসায়ীদের সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, প্রস্তাবিত দামের চেয়েও বেশি দাম বাড়ানোর ফলে সিন্ডিকেটের অবৈধ ব্যবসা ও কমিশন বাড়ানোর পথ সুগম করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাতে ২৯ দিনের ব্যবধানে দুই দফা এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১,৩৬০ টাকা। বর্তমানে দাম বাড়িয়ে ২,০৬০ টাকা নির্ধারণ করায় প্রায় ৯ মাসে দাম বেড়েছে ৭০০ টাকা। যখন অফিশিয়াল দাম ১,৮৩৭ টাকা ছিল, তখনও সাধারণ মানুষকে ২,৩০০ থেকে ২,৫০০ টাকায় সিলিন্ডার কিনতে হয়েছে। এখন নতুন দামের কারণে বাজারে আনঅফিশিয়াল দাম প্রায় ৩,০০০ টাকায় পৌঁছে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি হঠাৎ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বাসাবাড়িতে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রেখে জনগণকে জোরপূর্বক সিলিন্ডার কিনতে বাধ্য করা হচ্ছে, যা মূলত এলপিজি সিন্ডিকেটের ব্যবসার ইকোসিস্টেমকে সরাসরি লাভবান করছে।
আসিফ মাহমুদ সতর্ক করে বলেন, আয় না বাড়লেও মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। অবিলম্বে এই অযৌক্তিক দাম প্রত্যাহার ও সব ধরনের জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে না আনলে এনার্জি রেগুলেটরি কমিশন ও জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে এনসিপি।




