বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত


দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড। ‘গার্ডিয়ান শার্ক’ নামের এ মহড়া আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। এতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান ও চিকিৎসা সেবাবিষয়ক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় দুই বাহিনীর প্রস্তুতি জোরদার করা এবং যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের অভিন্ন কৌশল গড়ে তোলাই এ মহড়ার মূল লক্ষ্য। মহড়ায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে তৈরি বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন। এর মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর দক্ষতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘গার্ডিয়ান শার্ক’ মহড়া আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা যেমন গভীর হচ্ছে, তেমনই একটি মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রেও দুই দেশের অভিন্ন অঙ্গীকার আরও সুদৃঢ় হচ্ছে।




